জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৬:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 25
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থানকালে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
হুমায়ুন কবির জানান, সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর বাইরে সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে।
তিনি বলেন, এ ধরনের বৈঠকের সিদ্ধান্ত অনেক সময় একেবারে শেষ মুহূর্তে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হওয়ার পর জানানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, এসব বৈঠক গোপন কোনো বিষয় নয়। যাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বা বৈঠক হবে, তা জানানো হবে।
এদিকে যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট নিরসনেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজনের বিষয় রয়েছে।
বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলেও জানান হুমায়ুন কবির।



















