কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০৪:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 62
সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তোলার কাজ করতে হবে, যা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আগের বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করেন তারেক রহমান। বিশেষ করে ডক্টর আনিসুজ্জামানের উদ্ভাবনবিষয়ক উপস্থাপনা ও বক্তব্যে আগামী দিনের কর্মপন্থার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহযোগিতায় সরকার সব সময় পাশে থাকবে বলেও তিনি জানান।
পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন।
























