তিন দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম
- আপডেট সময় ০১:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 29
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ এখন প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম কমেছে ২ হাজার ১০০ টাকা। এখন এ মানের স্বর্ণের গহনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।
এর আগে ৩ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এক লাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। তখন ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়ানো হয়েছিল।
তবে এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর—এই তিন দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়। এর বিপরীতে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় দাম বাড়ানো হয়েছিল মোট ১০ হাজার ৯৬৪ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারিত রয়েছে।

























