রাষ্ট্রপতির নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছে
- আপডেট সময় ০৯:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 31
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হয়ে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখান থেকে তিনি সরাসরি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে সশস্ত্র বাহিনীর দেওয়া গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।
পরে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। এরপর কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন তিনি। পরে একই দিন হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, ৫ সেপ্টেম্বর থেকেই পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক এবং আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
























