আমাদের বাঁচান ভাই—স্পেনে আগুনে প্রাণ গেল বাংলাদেশি তরুণের
- আপডেট সময় ০৬:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 13
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। পরিবারের দাবি, ভাগ্য পরিবর্তনের আশায় স্পেনে যাওয়ার পর মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে দগ্ধ ও শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুনের ছেলে। তিনি পেশায় ফুড ডেলিভারি রাইডার ছিলেন।
পরিবারের ভাষ্য, দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়ার মাত্র দুই দিনের মাথায় ইউসুফের এই মর্মান্তিক মৃত্যু হয়।
স্বজনরা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, প্রতিদিনের মতো ডেলিভারির সাইকেল নিতে ওই গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া। এ সময় ইউসুফসহ তিন কর্মী ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিষাক্ত গ্যাস অপসারণ করে। পরে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় তার অপর দুই সহকর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।
পরিবারের জন্য সুদিন ফেরানোর আশায় গত জুনে স্পেনে পাড়ি জমান ইউসুফ। তবে নতুন জীবন শুরুর আগেই অগ্নিকাণ্ডে তার মৃত্যুতে কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিষাদের আবহ।























