চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 50
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব অপরাধীকে ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধরতে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুধু চাঁদাবাজদের নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।
এদিকে চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।





















