ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী
- আপডেট সময় ০৬:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 21
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ঘুমন্ত অবস্থায় চৈতী রানী (৫৫) নামে এক নারীকে বিষধর শঙ্খিনী সাপ ছোবল দিয়েছে। পরে স্বজনেরা ছোবল দেওয়া সাপটিকে ধরে ফেলেন এবং সেটি সঙ্গে নিয়েই সোমবার (১০ আগস্ট) ভোরে ওই নারীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রাত সাড়ে ৩টার দিকে ভূল্লী উপজেলার দারাজগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় চৈতী রানীর বাঁ পায়ে সাপটি ছোবল দেয়। তিনি ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।
পরিবারের বরাতে দেবীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার পর কুলীন চন্দ্র রায় তাকে ফোন করে দ্রুত তাদের বাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, চৈতী রানীর বাঁ পায়ে সাপের ছোবল লেগেছে।
পরে স্বজনেরা মাছ ধরার টেটা ব্যবহার করে সাপটিকে আটকে ফেলেন। এরপর সাপটি সঙ্গে নিয়েই চৈতী রানীকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সোমবার ভোর পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান বলেন, চৈতী রানীর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ ছিল। সেখানে সাপের একটি দাঁতও লেগে ছিল। রোগীর সঙ্গে সাপটি নিয়ে আসায় দ্রুত সেটি শনাক্ত করে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।
তিনি জানান, ছোবল দেওয়া সাপটি ‘বেন্ডেড ক্রেইট’, যা শঙ্খিনী বা শাঁখামুখী নামে পরিচিত। এটি বিষধর সাপ এবং সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায়।
চিকিৎসক জাহিদ হাসান জানান, চৈতী রানীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন।
























