কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি
- আপডেট সময় ০৩:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 19
কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের একাধিক ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি বলেন, ভোর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনগুলো দেশটির উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিতাংশ বিভিন্ন স্থানে পড়ে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে কুয়েতের জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের শোনা বিকট বিস্ফোরণের শব্দ সম্পর্কে সামরিক বাহিনী জানায়, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংসের সময় সৃষ্ট শব্দ।
আঞ্চলিক উত্তেজনা ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তাবিষয়ক নির্দেশনা মেনে চলা এবং পরবর্তী সরকারি ঘোষণা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।




















