প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত
- আপডেট সময় ০৭:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 33
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং সফরটি শিগগিরই বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সফরের সময়সূচি নির্ধারণ প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয় হলেও ভারতের পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনা অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে হয়েছে। তার ভাষ্য, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এসব বিষয় নিয়ে উভয় পক্ষ খোলামেলা আলোচনা করেছে।
তিনি আরও বলেন, বৈঠক শেষে তিনি সন্তুষ্ট ও কৃতজ্ঞচিত্তে ফিরছেন। পাশাপাশি ভারত ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে উল্লেখ করে বলেন, এর সুফল বাংলাদেশ ও ভারতের জনগণই ভোগ করবে।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক শুধু অভিন্ন সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যতের অনেক লক্ষ্যও উভয় দেশের মধ্যে একসূত্রে গাঁথা।
তিনি বলেন, এই বৈঠককে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন। ভবিষ্যতেও পারস্পরিক কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারত আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।






















