গোমূত্র বিশেষজ্ঞ পরীক্ষা সংস্কার কমিটিতে কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর
- আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 21
ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী। লোকসভায় এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে উল্লেখ করেন, যা নিয়ে সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঠিত নন্দন নিলেকানির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের টাস্কফোর্সের সমালোচনা করেন প্রিয়াংকা গান্ধী।
তিনি বলেন, কমিটিতে সাবেক গোয়েন্দা প্রধান তপন ডেকা, সাবেক ইসরো চেয়ারম্যান এস. সোমনাথ, সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং সাবেক বিহারের মুখ্যসচিব অমৃত লাল মীনার মতো সদস্যদের পাশাপাশি ভি কামাকোটিকেও রাখা হয়েছে। ২০২৫ সালে গোমূত্রের ‘অ্যান্টিব্যাকটেরিয়াল’ ও ‘অ্যান্টিফাঙ্গাল’ গুণাগুণ নিয়ে ভি কামাকোটির মন্তব্যের প্রসঙ্গ টেনে তার এই সমালোচনা করেন প্রিয়াংকা।
বক্তব্যে সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও সমালোচনা করেন প্রিয়াংকা। তিনি দাবি করেন, বিলকিস বানো মামলার দণ্ডপ্রাপ্তদের মুক্তির পক্ষে অবস্থান নেওয়া একজনকে শিক্ষামন্ত্রী করা হয়েছে, যা দেশের মেয়েদের জন্য ভুল বার্তা বহন করে।
প্রিয়াংকার এ বক্তব্যের পর সংসদে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, এটি চরিত্রহননের শামিল এবং বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীও প্রিয়াংকার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।
পরে স্পিকার ওম বিড়লা তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন। জবাবে প্রিয়াংকা বলেন, তিনি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করবেন।
পরবর্তীতে শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রিয়াংকা গান্ধীর করা মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।
আলোচনায় প্রিয়াংকা আরও দাবি করেন, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি। গত এক দশকে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।
সূত্র: দ্য প্রিন্ট




















