যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী
- আপডেট সময় ০৪:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 9
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানি বাজারেও। দেশটিতে সাধারণ মানের (রেগুলার) পেট্রোলের জাতীয় গড় মূল্য আবারও প্রতি গ্যালনে ৪ ডলারে পৌঁছেছে।
মোটর ক্লাব ফেডারেশন এএএর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪ ডলার। এক বছর আগে একই সময়ে এর গড় মূল্য ছিল ৩ দশমিক ১৪ ডলার।
তবে দেশজুড়ে সব অঙ্গরাজ্যে জ্বালানির দাম এক নয়। কোথাও চালকদের জাতীয় গড়ের চেয়েও বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে, আবার কোথাও দাম তুলনামূলক কম। স্থানীয় জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং অঙ্গরাজ্যভিত্তিক করের পার্থক্যের কারণে এ মূল্যবৈচিত্র্য তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। গত মার্চের শেষ দিকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় মূল্য প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়ে যায়। পরে জুনের মাঝামাঝি সময়ে কিছুটা কমলেও সাম্প্রতিক উত্তেজনার জেরে তা আবারও ৪ ডলারে পৌঁছেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৯৫ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪ ডলারে পৌঁছেছে।






















