মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা
- আপডেট সময় ১০:৪৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 25
বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশা নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে শিরোপা ধরে রাখতে না পারলেও বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর এবং হাজারো সমর্থকের উপস্থিতিতে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় আলবিসেলেস্তেদের। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি অধিনায়ক লিওনেল মেসি।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আর্জেন্টিনা দলের চার্টার্ড বিমান এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার নেমে আসেন।
তবে এই বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আরও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় তারা দলের সঙ্গে দেশে ফেরেননি।
দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিশেষ আয়োজন করে এএফএ। খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য লাল গালিচা বিছানো হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো সমর্থক জাতীয় পতাকা, জার্সি ও ব্যানার হাতে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে প্রিয় দলকে অভিনন্দন জানান।
বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপনের মতো কোনো আয়োজন না থাকলেও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্কালোনির শিষ্যরা। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া সমর্থকেরা হাত নেড়ে ও স্লোগানে খেলোয়াড়দের স্বাগত জানান। জবাবে ফুটবলাররাও হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার প্রতিদান দেন।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, পুরো বিশ্বকাপজুড়ে দল যে অসাধারণ সমর্থন পেয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞ। যেকোনো পরিস্থিতিতে দলের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।























