শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৭:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 17
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশাল শহরের উদ্দেশে যাওয়ার পথে স্কুলশিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসসংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছিলেন। তাদের উপস্থিতি লক্ষ্য করার পর প্রধানমন্ত্রী গাড়িবহর থামানোর নির্দেশ দেন। পরে গাড়ি থেকে নেমে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শিক্ষার্থীদের অনুরোধে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সেলফি তোলেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রীকে কাছ থেকে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। এটি বিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো বরিশাল সফর করেন তারেক রহমান। সফরসূচির অংশ হিসেবে তিনি গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।




















