সুস্থতার পথে মির্জা আব্বাস
- আপডেট সময় ০৬:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 19
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি।
সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি হালকা শারীরিক ব্যায়ামও করেন।
শায়রুল কবির খান জানান, বর্তমানে মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে তার পায়ের নিয়মিত থেরাপি চলছে। চিকিৎসকরা তাকে ফিজিওথেরাপি, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম নিয়মিত চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্বাসন চিকিৎসায় তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করে চিকিৎসা গ্রহণ করছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। প্রায় এক মাস চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন।

























