গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২
- আপডেট সময় ০৩:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 27
গাজীপুরে ৩৬ লাখ টাকা মূল্যমানের ১২০ কেজি গাঁজা জব্দের ঘটনা ঘটেছে, এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, দুপুর ০১:১৮ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তথ্যটি জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ গাঁজা মজুদ ও পরিবহনের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বাসন থানাধীন ভোগড়া এলাকায় স্থানীয় কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইলগামী মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থানকালে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার দাসকান্দি গ্রামের মো. ইমন শাহরিয়ার (২৮) এবং একই জেলার ঘোড়াশাল গ্রামের শরিফ (২৮)।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে আনুমানিক ৩৬ লাখ টাকা মূল্যমানের ১২০ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।























