লাইসেন্সিং জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 15
সরকার ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমিয়ে একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ বিষয়ক এক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী আদর্শ পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনের মধ্যেই যন্ত্রপাতি আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে পারবে।
তিনি আরও বলেন, জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের যে সময়সীমা নির্ধারণের সুপারিশ দিয়েছে, সেটিকে শুধু অতিরিক্ত সময় হিসেবে না দেখে প্রয়োজনীয় প্রস্তুতির একটি সমন্বিত সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এই রূপান্তরের সময়কে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন বহুমুখীকরণ এবং অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদারের কাজে ব্যবহার করার ওপর গুরুত্ব দেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সরকার ব্যবসা সহজীকরণ, লাইসেন্সিং ব্যবস্থার জটিলতা কমানো এবং বাজার বহুমুখীকরণকে অগ্রাধিকার দিচ্ছে। এরই অংশ হিসেবে ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করা হয়েছে, যা কোথায় সময় ও ধাপ কমানো যায় তা নির্ধারণ করছে।
তিনি বলেন, আগামী জুলাই মাসে এসব সংস্কার বাস্তবায়নের রূপরেখা জনসমক্ষে প্রকাশ করা হবে। পাশাপাশি দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করা হয়েছে, যা সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিডার নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























