নেপালের রাষ্ট্রপতি-স্পিকারকে বাংলাদেশের আম উপহার
- আপডেট সময় ০৮:৪৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 23
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে কূটনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে নেপালের রাষ্ট্রপতি, স্পিকারসহ দেশটির বিশিষ্ট ব্যক্তিদের কাছে বাংলাদেশের উৎকৃষ্ট মানের আম উপহার পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের আওতায় এ আয়োজন বাস্তবায়ন করে।
দূতাবাস সূত্রে জানা যায়, এ উদ্যোগের অংশ হিসেবে প্রায় ১ হাজার ৭৫০ কেজির বেশি উন্নত মানের বাংলাদেশি আম নেপালের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার, ১৩ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।
উপহার হিসেবে পাঠানো আমগুলো দেশের ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। আমের গুণগত মান ও সতেজতা নিশ্চিত করার পর সেগুলো কাঠমান্ডুতে পাঠানো হয়।
দূতাবাস জানায়, উপহার হিসেবে পাঠানো জিআই সনদপ্রাপ্ত ‘ক্ষীরশাপাত’ জাতের আম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু আম হিসেবে পরিচিত। এর স্বাদ ও মানের কারণে দেশ-বিদেশে এ জাতের আম ব্যাপক সমাদৃত।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময় শুধু সৌজন্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্ক এবং পারস্পরিক বন্ধুত্বের প্রতিফলন। একই সঙ্গে এ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উষ্ণ, ঘনিষ্ঠ ও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।























