বিশ্বকাপের গান প্রকাশ, আলোচনায় সঞ্জয়-নোরা
- আপডেট সময় ০৮:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 0
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বহুল আলোচিত নতুন গান অবশেষে প্রকাশিত হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয়, বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিমের যৌথ পরিবেশনায় গানটি সোমবার, ৮ জুন (বাংলাদেশ সময়) প্রকাশ করা হয়।
বিশ্বকাপ উপলক্ষে নির্মিত অন্যান্য গানের মতো এটিও উৎসবমুখর আবহে তৈরি করা হয়েছে। মিউজিক ভিডিওতে ফুটবল উন্মাদনার বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করতে দেখা যায় নোরা ফাতেহিকে। পাশাপাশি উপস্থিত রয়েছেন সঞ্জয় ও ভেজড্রিমও।
প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শক-শ্রোতাদের অনেকে এর সুর, সংগীতায়োজন এবং নৃত্য পরিকল্পনার প্রশংসা করেছেন।
গানটি প্রকাশের পর সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কয়েক মাসের পরিশ্রম এবং বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে এটি তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি শ্রোতাদের মতামতের অপেক্ষায় থাকার কথাও উল্লেখ করেন।
গানটি বিশ্বকাপের এবারের আনুষ্ঠানিক সংগীত সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মার্কিন শিল্পী বিশ্বকাপের এই আয়োজনে যুক্ত হলেন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পীরা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পরিবেশনা করবেন।
উল্লেখ্য, এর আগেও নোরা ফাতেহির সঙ্গে একাধিক সংগীত প্রকল্পে কাজ করেছেন সঞ্জয়। সম্প্রতি একটি কন্নড় চলচ্চিত্রের গানে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষ সেই গানটি ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়।























