নতুন নামে এলিট ফোর্স গঠনের পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৫:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 75
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিদ্যমান আইন সংশোধন ও নাম পরিবর্তন করে নতুন আইনের অধীনে একটি যুগোপযোগী ও বিশ্বমানের এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করছে সরকার।
সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার স্বার্থে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই নতুন বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন র্যাবের নিজস্ব কোনো সুনির্দিষ্ট আইন ছিল না এবং ব্যাটালিয়নের একটি সাধারণ আইনের অধীনে এটি পরিচালিত হতো, যা দীর্ঘ মেয়াদে সঠিক ছিল না।
এখন সরকার এলিট ফোর্সের জন্য একটি আলাদা ও পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে বাহিনীর পরিচালনা কর্তৃপক্ষ ও সদস্যদের দায়িত্ব সম্পূর্ণ সুনির্দিষ্ট করা থাকবে। শিগগিরই এ সংক্রান্ত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে এবং সেই আইনি কাঠামোর ভিত্তিতেই নতুন এলিট ফোর্সটি পরিচালিত হবে।
র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনা তাঁর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা এবং একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করেছিলেন। ওই সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এবং কিছু কর্মকর্তার বিতর্কিত কার্যক্রমের জন্য র্যাব প্রশ্নবিদ্ধ হয়েছিল, যার ফলে আমেরিকা নিষেধাজ্ঞা দেয়।
তবে প্রতিষ্ঠান হিসেবে র্যাব দায়ী নয় এবং বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে যার যার সংস্থার আইন অনুযায়ী ব্যবস্থা ও অনুশাসন দেওয়া হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন নামে এবং নতুন আইনের অধীনে একটি এলিট ফোর্স গঠিত হলে মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পূর্বের ন্যায় এই বাহিনী আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বিগত তিন মাসে পুলিশ বা অন্য কোনো বাহিনী কি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে? তিনি মন্তব্য করেন, সকালের সূর্য দেখেই যেমন দিনের পূর্বাভাস পাওয়া যায়, তেমনি বর্তমান সরকারের বিগত তিন মাসের কার্যক্রমই ভবিষ্যৎ আচরণ স্পষ্ট করে। উক্ত সংবাদ সম্মেলনে সেনা, নৌ, বিমান বাহিনী এবং পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























