ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি; আজ মিলবে ২৬ মে’র টিকিট
- আপডেট সময় ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 85
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রাকে নির্বিঘ্ন করতে চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ২৮ মে সম্ভাব্য ঈদের দিন ধরে রেলওয়ের নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (১৬ মে) দেওয়া হচ্ছে ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই শতভাগ আসনের টিকিট অনলাইনে (রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে) বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।
এর আগে বিশেষ ব্যবস্থাপনায় গত ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র, ১৪ মে বিক্রি হয়েছে ২৪ মে’র এবং ১৫ মে বিক্রি হয়েছে ২৫ মে’র টিকিট। এ ছাড়া ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র অগ্রিম আসনের টিকিট আগামীকাল ১৭ মে (রবিবার) অনলাইনে উন্মুক্ত করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট কালোবাজারি রোধে একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। তবে এই বিশেষ অগ্রিম যাত্রার টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না।
অনলাইনে টিকিট না পাওয়া সাধারণ যাত্রীদের সুবিধার্থে এবং তাদের অনুরোধে যাত্রার দিন ট্রেন ছাড়ার আগে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।


























