চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- আপডেট সময় ০৩:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 99
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
মরহুমের ছেলে সাবেদুর রহমান সুমু সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক মাস ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার বিষয়ে সাবেদুর রহমান সুমু জানান, মরহুমের একটি জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে, তবে এর সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম শহরে কোনো জানাজা অনুষ্ঠিত হবে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এজাহারে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়েরের কথা উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।

























