১৫টি গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন ডিজি ও চেয়ারম্যান নিয়োগ
- আপডেট সময় ১০:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 17
দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একদিনেই একযোগে ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মহাপরিচালক (ডিজি) ও চেয়ারম্যান পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক এবং ৩টি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান পদায়ন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মতো স্পর্শকাতর দপ্তরগুলোতে শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান, যিনি ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই।
এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মোহাম্মদ হাবিবুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. দেলোয়ার হোসেনকে।
পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি জামুকা, কৃষি বিপণন অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের শীর্ষ পদেও নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) পদে হাসান মাহমুদ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে মো. আসাদুজ্জামানকে পদায়ন করা হয়েছে।
প্রশাসনিক এই রদবদলকে সরকারের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজে আরও গতিশীলতা আনতেই দক্ষ কর্মকর্তাদের এসব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে প্রতীয়মান হয়। নবনিযুক্ত কর্মকর্তাদের অবিলম্বে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।






















