কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
- আপডেট সময় ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 14
দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মালিক সমিতির আওতাধীন কোনো যাত্রীবাহী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি। এর ফলে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুরসহ দক্ষিণ ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রুট ছাড়াও কুষ্টিয়া থেকে খুলনা, যশোর, রাজবাড়ী, বরিশাল, রাজশাহী ও পাবনা অভিমুখে কোনো বাস চলাচল করছে না। তবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো এখন পর্যন্ত এই ধর্মঘটের আওতামুক্ত ও চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। হঠাত শুরু হওয়া এই কর্মবিরতির কারণে সাধারণ যাত্রীরা টার্মিনালগুলোতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম অভিযোগ করেছেন, মালিক গ্রুপের সাথে খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত থাকলেও তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি দাবি করেন, গত ১৫ এপ্রিলের মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও মালিক পক্ষ তাতে সাড়া দেয়নি। ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এতে মালিক সমিতির শ্রমিকরাও সংহতি প্রকাশ করেছেন।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি দুটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—মালিকদের ন্যায় শ্রমিকদেরও সমমানের সুবিধা প্রদান এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি স্বতন্ত্র বাস পরিচালনার অনুমতি দেওয়া। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে ফিরবেন না বলে জানানো হয়েছে।
পরিবহন সংশ্লিষ্ট দুই পক্ষের এই বিরোধের জেরে সাধারণ যাত্রীদের যাতায়াত অনিশ্চিত হয়ে পড়ায় দ্রুত এর সমাধান প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।























