নেটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে জোট ছাড়ার হুমকি ট্রাম্পের
- আপডেট সময় ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 42
পশ্চিমা সামরিক জোট নেটোকে ‘কাগুজে বাঘ’ বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে এই জোট থেকে বের করে নেওয়ার বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছেন।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এই সাক্ষাৎকারে ট্রাম্প কেবল নেটো নয়, যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও কঠোর মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, নেটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বজায় রাখার বিষয়টি এখন আর বিবেচনার পর্যায়ে নেই, বরং তা পুনর্বিবেচনার বাইরে চলে গেছে। তিনি দাবি করেন, “আমি কখনোই নেটোর প্রভাবে প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম তারা কাগুজে বাঘ, আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি ভালো করেই জানেন।”
যুক্তরাজ্যের সামরিক শক্তি নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, ব্রিটিশ নৌবাহিনী এখন সেকেলে ও অকেজো হয়ে পড়েছে। এমনকি তাদের বিমানবাহী রণতরীগুলোও ঠিকমতো কাজ করে না বলে তিনি দাবি করেন। মূলত হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ মোকাবিলায় নেটো সদস্য দেশগুলো সরাসরি সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানানোতেই ট্রাম্পের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের মিত্রদের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্পের এমন ‘একা চলো’ নীতি বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।

























