৫ এপ্রিল থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
- আপডেট সময় ০৪:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 37
৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, আগামী রবিবার থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট ‘গ্যাভি’ (GAVI) থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি (৩৬.২৪ শতাংশ)। চলতি বছর দেশে হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালগুলোর তথ্যমতে, এখন পর্যন্ত মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৫ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন শিশু মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগে ৮ জন এবং রাজশাহী, পাবনা ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকজন শিশুর প্রাণহানি ঘটেছে।
সাধারণত ইপিআই কর্মসূচির অধীনে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের নিয়মিত হাম ও রুবেলার (এমআর) টিকা দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৫ এপ্রিল থেকে বিশেষ এই টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশুদের সুরক্ষায় এই কর্মসূচতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।























