জেলের জালে ১১০০ লাল কোরাল, বিক্রি হলো সাড়ে ২৩ লাখ টাকায়
- আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 24
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন চ্যানেলে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১১০০ বিরল লাল কোরাল মাছ। মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি ঘাটের ‘এফবি টেকনাফ’ নামের একটি মাছধরা ট্রলারে এই বিশাল মাছের ঝাকটি ধরা পড়ে। ট্রলারটির মালিক মোহাম্মদ মিজান ও হারুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাগরে জাল ফেললে একসঙ্গে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন ৩ থেকে ৬ কেজির মধ্যে। রাত সাড়ে ১১টার দিকে মাছভর্তি ট্রলারটি টেকনাফ পৌরসভার কাইয়ুখ খালী ঘাটে পৌঁছালে উৎসুক জনতার ভিড় জমে যায়। চট্টগ্রামে স্থানীয়ভাবে এই মাছ ‘লাল পানসা’ বা ‘রাঙাচয়’ নামে পরিচিত।
ট্রলার মালিক মোহাম্মদ মিজান জানান, জালে মোট ১ হাজার ৭০টি মাছ ধরা পড়েছে, যার মোট ওজন প্রায় ৯০ মণ। জেলেদের জন্য ৭০টি মাছ রেখে বাকি এক হাজারটি মাছ বিক্রি করা হয়েছে। প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মোট সাড়ে ২৩ লাখ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা মাছগুলো কিনে নিয়েছেন। ব্যবসায়ীরা জানান, উপযুক্ত দামের আশায় মাছগুলো বরফজাত করে রাখা হয়েছে, যা পরবর্তীতে কক্সবাজার ও চট্টগ্রামের বাজারে পাঠানো হবে। ট্রলারের মাঝি রহমত উল্লাহ জানান, সীমান্ত পরিস্থিতির কারণে সপ্তাহখানেক সাগরে যাওয়া বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর এই বিশাল প্রাপ্তি জেলেদের আগের লোকসান পুষিয়ে দেবে বলে তারা আশা করছেন।টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা এই ঘটনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, লাল কোরাল অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ। ওমেগা-৩ ও ভিটামিন সমৃদ্ধ এই মাছ হৃদরোগ প্রতিরোধেও সহায়ক।

























