ডিসেম্বরে নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি
- আপডেট সময় ০৭:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 31
ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নাকচ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে যেসব প্রচারণা চালাচ্ছে, তাতে জনগণ সাড়া দিচ্ছে না। দলটির দেশকে অস্থিতিশীল করার সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ভূমিকা, বিতর্কিত ও পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আইজিপি।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেন।
আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ কীভাবে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইনানুগ, নিরপেক্ষ, পেশাদার ও জনস্বার্থকেন্দ্রিক ভূমিকা পালন করবে। এ লক্ষ্য অর্জনে অপরাধপ্রবণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক অপতথ্য ও সাইবার অপরাধের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার করে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতা, ভয়ভীতি, অবৈধ দখল কিংবা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ না হয়, সে জন্য আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাকরিতে থাকা যেসব পুলিশ সদস্য ভেতরের তথ্য বাইরে পাচার করছেন, তাঁদের উদ্দেশে বার্তা জানতে চাইলে আইজিপি বলেন, তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতে দলীয় লেজুড়বৃত্তি করেছেন, এমন পুলিশ সদস্যরা এখন পলাতক রয়েছেন বলেও জানান তিনি। পলাতক পুলিশ সদস্যদের সঙ্গে কর্মরত যেসব সদস্যের যোগাযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ভেতরে ষড়যন্ত্রকারী সদস্যদের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন ফকির বলেন, এ ধরনের সদস্যের সংখ্যা হাতেগোনা। কোনো ষড়যন্ত্রকারীই আইনের বাইরে থাকবেন না।
ফ্যাসিবাদী শাসনামলের ১৭ বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের চাকরি থাকবে না—এমন গুজব ছড়ানোর বিষয়ে আইজিপি বলেন, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদেরও চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: যুগান্তর

























