মেসির বিদায় যেন মেনেই নিতে পারছেন না ডি পল
- আপডেট সময় ০৯:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 30
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সিদ্ধান্ত যেন এখনো মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। অধিনায়কের বিদায়ের খবরে আবেগাপ্লুত তাদের অন্যতম রদ্রিগো ডি পলও। মেসির অনুপস্থিতির কথা ভাবতেই তার মধ্যে তৈরি হয়েছে বিষাদ ও এক ধরনের শূন্যতা।
এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে মেসির বিষয়ে কথা বলেন ইন্টার মায়ামির এই মিডফিল্ডার। ডি পল বলেন, দেশের হয়ে মেসি যা অর্জন করেছেন, তা অবিশ্বাস্য। তার সঙ্গে জাতীয় দলে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলেও জানান তিনি।
মেসির বিদায়কে আর্জেন্টিনার মানুষের জন্য অত্যন্ত আবেগঘন একটি অধ্যায় হিসেবে দেখছেন ডি পল। তার মতে, প্রতিবার মেসিকে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে দেখাটাই ছিল বিশেষ এক রোমাঞ্চের অনুভূতি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির জনপ্রিয়তাও ডি পলের কাছে গর্বের বিষয়। তার ভাষায়, পৃথিবীর যেকোনো জায়গায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি দেখতে পাওয়া তাদের জন্য আনন্দ ও গর্বের।
গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেসি। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়ের সমাপ্তির ঘোষণা আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসির নেতৃত্ব, ব্যক্তিত্ব ও দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন ডি পল।
তবে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে মেসির সঙ্গে এখনো মাঠ ভাগাভাগি করার সুযোগ রয়েছে ডি পলের। তাই বিদায়ের কষ্টের মধ্যেও সতীর্থের জন্য তার প্রত্যাশা একটাই—মেসি যেন জীবনের বাকি সময়টা আনন্দে কাটান এবং নিজের মতো করে সুখী থাকেন।
























