জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে: এ্যানি
- আপডেট সময় ০৬:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 46
জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন। আন্দোলনের পরিবর্তে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করার কাজে সবাইকে মনোযোগী হতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একটি দল এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বিএনপি সরকার গঠনের পর শপথ গ্রহণের সময়ও তারা উপস্থিত ছিল না এবং সহযোগিতাও করেনি। বরং তারা আন্দোলনের কথা বলছে। অথচ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে এবং এতে দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার চেষ্টা করা হয়েছে। এখন সেই অর্জনকে সুরক্ষিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই প্রধান লক্ষ্য। এ কাজে সরকার ও বিরোধী দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।
বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গ টেনে পানিসম্পদমন্ত্রী বলেন, আন্দোলনকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। তাই এলাকার উন্নয়ন এবং দেশের স্বার্থে সংঘাতের রাজনীতি পরিহার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মন্ত্রী-এমপিদের দুর্বল করে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা
























