পুলিশকে একসঙ্গে বিশ্রাম বা চা বিরতিতে না যাওয়ার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় ০৬:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 33
ডিউটির সময় কোনো পুলিশ টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায় এবং পুলিশের কোনো যানবাহন যেন অরক্ষিত অবস্থায় না থাকে—এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় অন্তত একজন সদস্যকে সবসময় পুলিশের গাড়ির কাছে থাকতে হবে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, পুলিশ সদস্যদের বলা হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় পুরো টিম একসঙ্গে বিরতিতে যাবে না। একইভাবে কোনো যানবাহনও আনঅ্যাটেন্ডেড বা অরক্ষিত অবস্থায় ফেলে রাখা যাবে না। অন্তত একজন সদস্যকে গাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এটি স্বাভাবিক নিরাপত্তা চর্চার অংশ। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক রয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু এবং আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রথযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
তিনি আরও বলেন, অতীতের তুলনায় এ ধরনের ঘটনা কমেছে। উগ্রবাদী তৎপরতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো চেষ্টা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির নাশকতা চালানোর সক্ষমতা আছে বলে তার মনে হয় না। তিনি বলেন, এটি নিষিদ্ধ ঘোষিত একটি দল এবং বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতা দেখা গেলেও দেশে উল্লেখযোগ্য কার্যক্রম চোখে পড়ে না।
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



















