তারেক-লিউ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের ওপর গুরুত্ব
- আপডেট সময় ১২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 9
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। দুই পক্ষের বৈঠকে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লিউ হাইশিং।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করেন।
লিউ হাইশিং বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের একটি ছবি তার সম্মানে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
বৈঠকে সম্প্রতি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ও উঠে আসে। লিউ হাইশিং দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।
চীনের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন লিউ হাইশিং।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পাশাপাশি চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জবাবে লিউ হাইশিং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
চীনের পক্ষে আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


























