২২ ম্যাচের জয়রত থামল এক পরাজয়েই,সাথে ১১ শূন্যের বিশাল ধাক্কা খেল ভারত
- আপডেট সময় ০১:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 14
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় হারের তিক্ত স্বাদ পেল ভারত। এই প্রথমবারের মতো কুড়ি ওভারের বিশ্বমঞ্চে ৫০ বা তার বেশি রানের ব্যবধানে পরাজিত হলো দলটি। এর আগে ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারই ছিল ভারতের পূর্ববর্তী সর্বোচ্চ ব্যবধানের পরাজয়।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর থেকে ভারত টানা ১২টি ম্যাচে অপরাজিত ছিল। বিশ্বকাপের ইতিহাসে যেকোনো দলের জন্য এটিই ছিল দীর্ঘতম জয়ের রেকর্ড, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পরাজয়ে থমকে দাঁড়াল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের এই পরাজয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে ভারতের দ্বিতীয় বৃহত্তম হার। এর আগে ২০১৯ সালে কিউইদের কাছে ৮০ রানে হেরেছিল টিম ইন্ডিয়া, যা এখনো পর্যন্ত এই ফরম্যাটে তাদের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়।
আহমেদাবাদের মাটিতে আবারও স্বপ্নভঙ্গ হলো ভারতের। প্রোটিয়াদের কাছে এই হারের ফলে আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে ভারতের টানা ১৭ ম্যাচের জয়ের জয়রথ থেমে গেল। কাকতালীয়ভাবে, ভারতের সবশেষ হারটিও ছিল এই আহমেদাবাদেই; ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
গতকালের রান তাড়া করতে নেমে ভারতের তিন ব্যাটার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এর ফলে চলতি টুর্নামেন্টে সব মিলিয়ে ১১ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জাজনক নজির গড়ল ভারত, যা আসরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ।
এই আসরে এখন পর্যন্ত ভারতীয় ব্যাটাররা মোট ১১ বার ‘ডাক’ মেরেছেন, যা ২০২৪ আসরের (৬ বার) তুলনায় প্রায় দ্বিগুণ। এমনকি বিশ্বকাপের নবাগত দল ইতালি ৮টি শূন্য নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও ভারতের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে স্পর্শ করতে পারেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বর্তমান রেকর্ড ১৪-৭। এই ফরম্যাটে রান তাড়ায় ভারতের চেয়ে কেবল অস্ট্রেলিয়ার রেকর্ডই (২২ জয় ও ১০ হার) বেশি সমৃদ্ধ।
২০১২ থেকে ২০২৬ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গতকালের আগে মাত্র একবারই হেরেছিল (২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে)। দীর্ঘ এক যুগ পর রান তাড়া করতে গিয়ে এটি ভারতের দ্বিতীয় পরাজয়।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে বহুজাতিক টুর্নামেন্টে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারল ভারত। এই সাড়ে তিন বছরে একটি সুপার ওভারসহ ২১টি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের পর এটিই ভারতের প্রথম পরাজয়।

























