হাসনাত আবদুল্লাহর সফর ঘিরে লন্ডনে সংঘাত, ডিম নিক্ষেপের ঘটনা
- আপডেট সময় ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 26
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণে আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থলের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার, ১৬ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হাসনাত আবদুল্লাহ।
সভা শুরুর আগেই সেখানে যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে জানা গেছে। একই সময়ে এনসিপির সমর্থক ও কর্মীরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। বক্তব্য শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সভা এলাকায় সৃষ্ট উত্তেজনার ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্যও দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পার্ক এলাকায় হাঁটার সময় হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীদের কয়েকজন অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। পরে তিনি পাশের একটি রেস্তোরাঁয় অবস্থান নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয় বলে ভিডিওতে দেখা গেছে।
ভিডিও ফুটেজে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগার দৃশ্যও দেখা যায়। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাক্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতি দিয়ে দাবি করে, সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেন।
বিবৃতিতে সংগঠনটি আরও দাবি করে, বিক্ষোভকারীদের কর্মকাণ্ড ছিল পরিকল্পিত এবং উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত। একই সঙ্গে তারা অভিযোগ করে, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা ও ভয়ভীতি প্রদর্শনের রাজনৈতিক সংস্কৃতি এখনও বহাল রয়েছে।
এনসিপি ইউকে অ্যালায়েন্স তাদের বিবৃতিতে দেশপ্রেমিক বাংলাদেশিদের উসকানি, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।























