হজ্জ নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- আপডেট সময় ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 21
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে চূড়ান্ত কতজন হজে যাবেন, সেই সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম শুরু হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং অন্যান্য অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ নিবন্ধন ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।






















