ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী
- আপডেট সময় ০৩:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 1
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি একা চলার দল নয়; সবাইকে সঙ্গে নিয়ে চলে। ধনী-গরিব, মুসলিম-হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টানসহ ১৮ বছরের বেশি বয়সী যে কোনো মানুষ বিএনপির সদস্য হতে পারেন।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লায় কর্মী বাড়াতে হবে। যে গ্রামে ২০০ জন কর্মী আছে সেখানে আরও ২০০ জন কর্মী বানাতে হবে। নেতা-কর্মীদের আচার-আচরণের মাধ্যমে সাধারণ মানুষকে কাছে টানতে হবে।
মন্ত্রী বলেন, বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চায়। দুস্থ অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে সঠিক পথ দেখানো এবং সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো নেতা-কর্মীদের দায়িত্ব। প্রত্যেকের আশপাশের বাড়ির অসুস্থ মানুষের খোঁজ-খবর নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিএনপি সরকার সবসময় মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার সব সময় ছেলে-মেয়েদের সুশিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী প্রত্যেক নেতা-কর্মীকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। শুধু নিজের সন্তানের সুশিক্ষার দিকে নজর দিলেই চলবে না, প্রতিবেশীর ছেলে-মেয়েরা পড়াশোনা করছে কি না বা কোনো ধরনের অসুবিধায় আছে কি না, সে বিষয়েও যথাযথ খোঁজ নিতে হবে। পরিবার, সমাজ ও দেশকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। সকল বিষয় মাথায় রেখে বিএনপির নেতা-কর্মীদেরকে কাজ করতে হবে।





















