সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় ০২:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 28
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় অন্তত আরও তিন শ্রমিক অসুস্থ হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ওই কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
স্থানীয় জেলেদের ভাষ্য, কারখানার ভেতর থেকে বের হওয়া গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরা কারখানার পাশের খালে প্রবেশ করতে পারেননি। তাদের প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুনতে পান তারা। পরে সেখানে গিয়ে কয়েকজন অসুস্থ ব্যক্তিকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে দেখতে পান। জাহাজের ভেতরে কয়েকজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কারখানায় ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো. মহিউদ্দিন মুঠোফোনে জানান, তিনি তখন কারখানার বাইরে ছিলেন। কারখানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতার কারণে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। তাদের মধ্যে চার থেকে পাঁচজন মারা গেছেন এবং প্রায় তিনজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। কারখানায় গিয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন বলেন, উদ্ধারকারী দল শিপইয়ার্ডের ভেতরে কাজ করছে। উদ্ধার অভিযান চলায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব নয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।




















