রামিসা হত্যা মামলায় দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 76
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেবে না এবং এ ঘটনায় উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার, ২১ মে রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহত শিশুর বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শোকাহত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি পরিবারের সদস্যদের দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি রামিসার বাসায় অবস্থান করেন। সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এলাকায় মোতায়েন থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৮টার পর থেকে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ সেখানে জড়ো হন। এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার, ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।


























