লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহতর পরিচয় শনাক্ত
- আপডেট সময় ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 88
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নাহিদ নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে দেশটিতে অবস্থান করছিলেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১২টার দিকে নাবাতিয়ে জেলার যেন্দিন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক আনুষ্ঠানিক শোকবার্তায় দুই প্রবাসীর পরিচয় নিশ্চিত করেছে। নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে; তার পিতার নাম আফসার আলী। অন্যদিকে, নিহত নাহিদুল ইসলাম নাহিদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে; তার পিতার নাম মো. আব্দুল কাদের।
দূতাবাস সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দুই প্রবাসী তাদের নিজ আবাসস্থলে অবস্থান করছিলেন। হঠাৎ ইসরায়েলি বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আবাসস্থলে আঘাত হানলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বৈরুত দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বার্তায় এই রেমিট্যান্সযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে পাঠানোর লক্ষে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম শুরু করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। লেবাননে চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জীবন ও জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।























