নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কাছে ‘রোডম্যাপ’ চাইলেন তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০২:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 16
নতুন যুগের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর কারিগরি ও বৈশ্বিক সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম খাতের আধুনিকায়ন এবং ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে। একটি সময়োপযোগী রোডম্যাপ আমাদের ভবিষ্যৎ সংকট নিরসনে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।” এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি বিশেষ করে গণমাধ্যমের মানোন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। ড. সুসান জানান, অপপ্রচার রোধে ইউনেস্কো ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধ এবং ফ্যাক্ট-চেকিং সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে ইউনেস্কোর আরও জোরালো সহযোগিতা প্রত্যাশা করেন। জবাবে ইউনেস্কোর প্রতিনিধি সরকারের এসব লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা প্রসারে সরকার ও ইউনেস্কোর যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।






















