ইসরাইলের অস্তিত্ব রক্ষায়, নেতানিয়াহুকে সরানোর দাবি
- আপডেট সময় ১২:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 10
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় এমপি গিলাদ কারিভ। তাঁর দাবি, ইসরাইলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো জরুরি। খবর আনাদোলুর।
শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন কারিভ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে কেন্দ্র করে ইসরাইলি সেনাবাহিনীর তদন্ত বিষয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
কারিভ অভিযোগ করেন, ৭ অক্টোবরের হামলার পর কয়েক মাস ধরে গাজার আশপাশের কিবুতজ এলাকায় যাওয়ার বিষয়টি নেতানিয়াহু এড়িয়ে গেছেন। একইভাবে ওই দিনের ঘটনাবলি নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর তদন্তের বিষয়টিও তিনি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন বিরোধী এই এমপি।
নেতানিয়াহু বারবার ইসরাইলের নিরাপত্তার বিষয়টিকে ‘অবহেলা’ করেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিচালনায় ‘সম্পূর্ণ অযোগ্যতার’ পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করেন কারিভ।
তিনি বলেন, এমন একজন ব্যক্তিকে ইসরাইলের ভবিষ্যৎ এবং দেশটির সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
কারিভের মতে, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো এখন ইসরাইলি সমাজের অস্তিত্বের জন্য প্রয়োজন।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে ইসরাইলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি দেশটির সাধারণ মানুষের একটি বড় অংশও এ দাবি জানিয়ে আসছে।
তবে নেতানিয়াহুর সরকার রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সরকারের নিয়োগ করা একটি তদন্ত প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছে সরকার।
ইসরাইলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর পাশাপাশি দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।























