নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩
- আপডেট সময় ১১:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 15
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরি করার সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
মধ্যরাতে রিভার্স রাজ্যের ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওক্রিকা জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই এলাকায় যান। তারা জাহাজে পেট্রোলিয়াম পণ্য তোলার জন্য ব্যবহৃত স্থাপনার একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দেওয়া জায়গা থেকে পণ্য চুরি করার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌকায় পেট্রোলিয়াম পণ্য তোলার সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন ঘটনাস্থলেই জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে যান এবং ডুবে মারা গেছেন বলে জানা গেছে।
নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন। রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার পুরো বিষয় জানতে তদন্ত চলছে। তিনি বলেন, ঘটনার ভয়াবহতা ও প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নিহত ব্যক্তিরা একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য বহনকারী জাহাজে পণ্য সরবরাহ করা হয়। ফাইনফেসের ভাষ্য, তরুণেরা অপেক্ষমাণ নৌকাগুলোতে পেট্রোলিয়াম পণ্য তুলছিলেন। একই সময় পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়াম পণ্য পাঠানো হচ্ছিল। এতে সেখানে থাকা লোকজন বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। তিনি বলেন, নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।





















