ইসমাইল উলদ শেখ আহমেদ ওআইসির নতুন মহাসচিব
- আপডেট সময় ০৭:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 21
মৌরিতানিয়ার অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে এ পদে নির্বাচিত করেন।
ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া তাহার মেয়াদ আগামী নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক কূটনীতিতে ইসমাইল উলদ শেখ আহমেদের রয়েছে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর এবং তা একবার নবায়নের সুযোগ রয়েছে। মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান, যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়।
ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতার প্রতি আফ্রিকার আগেই সমর্থন ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাকে ওআইসির মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়।
তার নির্বাচনের মধ্য দিয়ে ওআইসির নেতৃত্বে এবার একজন মৌরিতানীয় কূটনীতিক আসছেন। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে বিস্তৃত ৫৭ সদস্যের ওআইসি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা। এর সদস্য দেশগুলোর অধিকাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
সূত্র: গালফ নিউজ





















