কোভিড-১৯ নিয়ে গোপন তথ্য ‘ফাঁস’ করে গেলেন মার্কিন: তুলসী গ্যাবার্ড
- আপডেট সময় ১১:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 25
কোভিড-১৯ মহামারির উৎস এবং তা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) সাবেক প্রধান তুলসী গ্যাবার্ড দায়িত্ব ছাড়ার আগে প্রকাশিত কিছু নথির ভিত্তিতে দাবি করেছেন, করোনা ভাইরাসের উৎসসংক্রান্ত তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল।
প্রকাশিত নথির বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, সাবেক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ড. অ্যান্থনি ফাউচি চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পরিচালিত কিছু গবেষণার সঙ্গে অর্থায়নের মাধ্যমে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে ভাইরাসের উৎস নিয়ে বিতর্কিত কিছু তথ্য আড়াল করার চেষ্টা করা হয়।
তুলসী গ্যাবার্ডের দপ্তরের দাবি, কোভিড-১৯ সম্পর্কিত গোয়েন্দা মূল্যায়নকে নির্দিষ্ট একটি ব্যাখ্যার দিকে পরিচালিত করার চেষ্টা হয়েছিল, যাতে পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ বিষয়ে কংগ্রেসে দেওয়া কিছু বক্তব্যেও প্রকৃত তথ্য গোপন করা হয়েছে।
ড. ফাউচি দীর্ঘ প্রায় চার দশক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোভিড মহামারির সময় তিনি দেশটির অন্যতম প্রধান জনস্বাস্থ্য উপদেষ্টা ছিলেন।
তবে তুলসী গ্যাবার্ডের এসব অভিযোগের বিষয়ে ড. ফাউচির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, কোভিড-১৯ এর উৎস নিয়ে বিতর্ক বহু বছর ধরে চললেও এ বিষয়ে এখনো আন্তর্জাতিকভাবে চূড়ান্ত ঐকমত্য গড়ে ওঠেনি। বিভিন্ন গবেষণা ও গোয়েন্দা মূল্যায়নে প্রাকৃতিক উৎস এবং পরীক্ষাগার-সম্পর্কিত উভয় সম্ভাবনাই আলোচনায় রয়েছে।
গ্যাবার্ড বলেছেন, কোভিড মহামারিতে বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণহানি ঘটেছে। তাই এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা, সত্য উদ্ঘাটন এবং দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।


























