এলপিজির দাম কেজিপ্রতি ৩০ টাকা কমেছে
- আপডেট সময় ০৫:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 18
দীর্ঘদিন পর বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, জুলাই মাসে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা আগের মাসে ছিল ১ হাজার ৮৮৫ টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর রমনায় বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন।
তিনি জানান, জুন মাসে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) প্রতি টন ৭৯৯ মার্কিন ডলার থাকলেও জুলাই মাসে তা কমে ৫৯৩ ডলারে নেমেছে। ফলে প্রতি টনে ২০৬ ডলার হ্রাস পেয়েছে, যা এলপিজির মূল্য কমার প্রধান কারণ।
বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসে ডলারের বিনিময় হার কিছুটা বেড়েছে। গত মাসে প্রতি ডলারের বিনিময় হার ধরা হয়েছিল ১২২ টাকা ৮১ পয়সা, যা এ মাসে ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনা করা হয়েছে। এছাড়া জাহাজভাড়া ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলারে নেমেছে।
এসব সমন্বয়ের ফলে জুন মাসে প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমে জুলাই মাসে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কেজিপ্রতি দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম আগের তুলনায় ৩৫৭ টাকা কমেছে। কোম্পানি পর্যায়ে এ সিলিন্ডারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩৩ টাকা, পাইকারি পর্যায়ে ১ হাজার ৪৮৩ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১ হাজার ৫২৮ টাকা। একই হারে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জুলাই মাসে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা গ্যাসের মূল্য প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন খুচরা মূল্য প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

























