ঢাকার নদীতীরে ১০০ মিটারে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা
- আপডেট সময় ০৬:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 14
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দুই তীরে ১০০ মিটার (প্রায় ৩০০ ফুট) এলাকার মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নদীদূষণ প্রতিরোধ, নাব্যতা রক্ষা এবং প্রস্তাবিত ‘ইনার সার্কুলার রোড’ ও বৃত্তাকার নৌপথ নির্মাণের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নদীতীরের সুরক্ষা জোরদার করে ঢাকায় গ্রিন-ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সেলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এটি বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভায় নদীর দুই তীরে ১০০ মিটার সুরক্ষা বলয় গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
নদীর কোন অংশ থেকে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে, সে বিষয়ে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) স্থাপন করা নদীসীমানার পিলার থেকে এ দূরত্ব পরিমাপ করা হবে।
তিনি বলেন, নদীতীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআইডব্লিউটিএর কার্যপরিধির অন্তর্ভুক্ত। এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং বিআইডব্লিউটিএ সমন্বিতভাবে কাজ করবে। এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার জানান, ১৯৫০ সালের আইন অনুযায়ী এতদিন নদীসীমানা থেকে ৫০ মিটার (প্রায় ১৫০ ফুট) পর্যন্ত এলাকা সংরক্ষিত ছিল। ওই এলাকায় স্থাপনা নির্মাণের জন্য বিআইডব্লিউটিএর অনুমতি নেওয়ার প্রয়োজন হতো।
তিনি বলেন, সরকার এখন নদীর সুরক্ষা সীমানা ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার বা প্রায় ৩০০ ফুট করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি হলে তা বাস্তবায়নে কাজ করবে বিআইডব্লিউটিএ।
নগর পরিকল্পনাবিদদের মতে, সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ঢাকার ‘গ্রিন-ব্লু নেটওয়ার্ক’ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। নগরের সবুজ পার্ক, বনাঞ্চল, নদী, খাল ও জলাধারের মধ্যে পরিবেশগত সংযোগ গড়ে তোলার এই ব্যবস্থা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে সহায়ক হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বাসসকে বলেন, নদীর ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। কারণ নদীতীরে স্থাপনা তৈরি হয়ে গেলে বর্ষাকালে পানি নামতে বাধাগ্রস্ত হয়, ফলে নগরে জলাবদ্ধতা দেখা দেয়।
নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে সেখানে ‘রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট’ বা গণপরিসর ও সবুজ বেষ্টনী গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এর ফলে সাধারণ মানুষ নদীর পাড়ে হাঁটাহাঁটি এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও খাল-নদী সংস্কার ও বৃক্ষরোপণের অঙ্গীকার রয়েছে উল্লেখ করে অধ্যাপক আখতার মাহমুদ বলেন, এসব উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি।
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)। সংগঠনটির সদস্যসচিব শরীফ জামিল বলেন, নদীর প্রয়োজনীয়তা ও নদীকে দখলমুক্ত রাখার ক্ষেত্রে এ সিদ্ধান্ত একটি ইতিবাচক বার্তা দেবে। তবে দখল ও দূষণ পুরোপুরি রোধ করতে হলে আরও অনেক পদক্ষেপ কঠোরভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধ রাখলেই নদী সংরক্ষণ নিশ্চিত হবে না। নদীর স্বাভাবিক গতিপথ ও মৌসুমি পরিবর্তন বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিকভাবে সীমানা নির্ধারণ, নিয়মিত তদারকি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ঢাকার নদী ও জলাভূমি সংরক্ষণে উদ্যোগটি টেকসই ভূমিকা রাখতে পারে।
সূত্র: বাসস।

























