রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের আইনজীবীরা
- আপডেট সময় ১১:০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 74
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন মোহাম্মদ কালাম খান।
শুক্রবার, ২২ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতিভুক্ত কোনো আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে আদালতে দাঁড়াবেন না।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাটি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
গত মঙ্গলবার, ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, খাটের নিচ থেকে মরদেহ এবং পরে বাথরুম থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে প্রথমে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রামিসা বাসা থেকে বের হওয়ার পর অভিযুক্ত তাকে নিজের কক্ষে ডেকে নেয়। পরে হত্যার ঘটনা ঘটে বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রীকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

























