দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত, ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিহত ৫
- আপডেট সময় ০১:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 123
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ট্রাক ও প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
























