টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত
- আপডেট সময় ০৬:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 108
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে বাইন্না নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুর হাসান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার আগে ওই এলাকায় পাহাড়ি অঞ্চলে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় নুর হাসানকে আটক করেন স্থানীয় রোহিঙ্গারা। এ সময় তাঁকে গণপিটুনি দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, নিহত নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। ইতোমধ্যে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






















