পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
- আপডেট সময় ০৭:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 13
পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুর অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটি দুপুরে লক্ষ্মীনারায়ণী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রায় ৩০ জন যাত্রীসহ বাসটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
উদ্ধারকারীরা জানান, বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে আহতদের অধিকাংশের আঘাত গুরুতর না হওয়ায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৩০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আল্লাহর রহমতে কোনো প্রাণহানি ঘটেনি এবং আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদে ফিরে গেছেন।”
























