নাটোরে ভোররাতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল মা ও এক বছরের শিশুর
- আপডেট সময় ১২:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 30
নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বসতবাড়িতে আগুন লেগে এক নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ঝাউপাড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা মা ও শিশুটি বের হতে পারেননি।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা ঝান্টু প্রমাণিকের স্ত্রী আতিয়া খাতুন (৩০) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা খাতুন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর মা ও শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় এবং সেগুলো গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অগ্নিকাণ্ডে বাড়িঘরসহ প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

























